ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রাজধানীতে জামায়াতের গণসংযোগ, লিফলেট বিতরণ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে রাজধানীর শ্যামলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর অঞ্চল। বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলী স্কয়ার এলাকায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সে...

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে রাজধানীর শ্যামলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর অঞ্চল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলী স্কয়ার এলাকায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগকালে ড. রেজাউল করিম বলেন, সরকার জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে চাঁদাবাজি ও লুন্ঠনের কাজে ব্যস্ত রয়েছে। সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত সবাই চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে।

তিনি বলেন, যে জুলাই আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার জনগণের গণরায় বাস্তবায়নের পরিবর্তে যারা গণহত্যার নায়ক, তাদের বিচারের বিষয়ে যথাযথ মনোযোগ দিচ্ছে না। আমরা দেখছি, রায় হচ্ছে কিন্তু তা কার্যকর হচ্ছে না। বরং প্রধানমন্ত্রীর আসনে নিষিদ্ধ আওয়ামী লীগ কীভাবে মিছিল করছে সে বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাই।

ড. রেজাউল করিম বলেন, এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়। জনগণের গণরায় বাস্তবায়নের দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। সরকারের মাত্র ছয় মাসের মধ্যেই দলীয়করণ, লুন্ঠন ও অপরাজনীতি শুরু হয়েছে। জনগণের মধ্যে সরকারের নতুন ফ্যাসিবাদী চরিত্র উন্মোচিত হয়ে গেছে।

তিনি আরও বলেন, আজকে নতুন নতুন এজেন্ডা তৈরি করে জনগণকে তাদের আসল সমস্যা থেকে অন্যদিকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে সরকারকে জনগণের গণদাবি মেনে নিতে হবে।

তিনি আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর অভিমুখে ঘোষিত লংমার্চে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মোহাম্মদপুর থানা আমির আব্দুল হান্নান, আদাবর থানা আমির আল আমিন সবুজ, শেরেবাংলা নগর উত্তর থানা আমির আব্দুল আউয়াল আজম প্রমুখ।

তারা আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে শ্যামলী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

বুধবার এক বার্তায় এ তথ্য জানান ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার।

এমইউ/এমএমকে

Original Source
https://www.jagonews24.com/politics/news/1158024
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World