৪১৬ শিক্ষাপ্রতিষ্ঠান একাদশে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। আর ১১টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনও করেনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, এবার নির্ধারিত সময়ে সফলভাবে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করে। তাদের মধ্যে ভর্তির সুযোগ পেয়েছে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন।
অনলাইনে আবেদন করেও ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে ১৪ হাজার ৪১৫ জন। বঞ্চিতদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন।

একাদশে ভর্তির ফল প্রকাশ
এদিকে, দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে কোনো শিক্ষার্থী পছন্দক্রম বা চয়েজ দেয়নি। আর ৪১৬টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়নি। অর্থাৎ, এ কলেজগুলো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি।
ফল দেখা যাবে যেভাবে
ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই ফল দেখা যাবে। ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।
ফি পরিশোধ-নিশ্চয়ন-মাইগ্রেশন যেভাবে
এদিকে, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এসময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের পর আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
এএএইচ/ইএ


